 |
| সিরাজদৌল্লা |
দু-তিনদিন আগেই একজন ভদ্রলোকের সাথে অনলাইনে আলোচনা হচ্ছিলো। আলোচনার বিষয়বস্তু ছিলো ভারতে ইংরেজদের ব্যবসা করতে আসা এবং সময়-সুযোগমত রাজা হয়ে বসা। এই যখন আলোচনার বিষয়, তখন ১৭৫৭ সালের কথা তো উঠবেই। আর ১৭৫৭ এর পলাশীর যুদ্ধের কথা উঠলেই আমাদের কাছে রেডিমেড ট্র্যাজিক হিরো আর ভিলেনও হাতেগরম হাজির - সিরাজদৌল্লা আর মীরজাফর। হিরোপূজার আতিশয্যে সিরাজকে, বিশেষতঃ বাঙ্গালিরা, মোটামুটিভাবে অরণ্যদেবের মতন এক আদর্শ যোদ্ধা, নেতাজির মতন স্বাধীনতা সংগ্রামের অধিনায়ক আর বিবেকানন্দের কাছাকাছি দৃঢ় চরিত্রের লোক বলে বর্ণনা করতেই ভালবাসেন। আর মীরজাফর হলো গব্বর সিং, শাকাল, মোগাম্বো, নাথুরাম গডসে - এদের সবার সংমিশ্রণে তৈরী এক সুপার ভিলেন। এ এক এমনই ভিলেন, যে মোটামুটি অপরাজেয় হিরোকেও হার মানতে বাধ্য করে। তারপর সেই হিরোর মুণ্ডচ্ছেদও করে ফেলে। আর এখান থেকেই জন্ম নেয় কল্পনাশ্রিত মিথ, যার সঙ্গে হয়তো সত্যিকারের ইতিহাসের কোনও সম্পর্কই নেই।
battle of plassey 1757
 |
| মীরজাফর |
যদিও পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ের জন্য শুধুমাত্র মীরজাফরই দায়ী ছিলেন না, আরো অনেক প্রভাবশালী ষড়যন্ত্রকারীর মাঝে মীরজাফরও অন্যতম ছিলেন, কিন্তু সেই যে যুদ্ধের সময় থেকে বাংলায় এবং পরবর্তীতে মোটামুটি সমস্ত ভারতেই মীরজাফরের গায়ে বিশ্বাসঘাতকতার ছোপটা লেগে গেলো, আজ পর্যন্তও সেটাকে ওঠানো যায় নি। আর বাংলা ভাষাতে মীরজাফরের মানেই দাঁড়িয়ে গেলো বিশ্বাসঘাতক।
siraj ud doula, mirjafar
আবার সেই অনলাইন আলোচনায় ফিরে যাই। কথায় কথায় মীরজাফরের সমাধি ক্ষেত্রের কথা উঠলো। ভদ্রলোক আমাকে একটা অদ্ভুত জিনিস জানালেন। মীরজাফরের কবরের গায়ে নাকি লেখা রয়েছে যে "জুতো পরে কবরের ওপরে উঠুন"। আশ্চর্য তো! কারন আমার জানা মতে কারো কবর, মাজার বা সমাধিক্ষেত্রে গেলে, মৃত ব্যক্তির প্রতি সম্মান জানিয়ে জুতো খুলে রাখতে হয়। কিন্তু এই কবরে শুয়ে থাকা লোকটার নাম যে মীরজাফর, তাই মরার পরও বেচারার শান্তি নেই। এখনো রবার্ট ক্লাইভের সঙ্গে ম্যাচ ফিক্সিং-এর মূল্য চুকিয়ে যেতে হচ্ছে।